Sports
আবাহনীর গোল বন্যায় উড়ে গেল ঢাকা ওয়ান্ডারার্স
বাংলাদেশ ফুটবল লিগের চাঁদপুর ভেন্যুতে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডের গতি ও আক্রমণের তোপে পড়েছিল ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। পুরো ম্যাচজুড়ে একচ্ছত্র আধিপত্য বজায় রেখে ওয়ান্ডারার্সকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আকাশী-নীল শিবিরের দলটি।শনিবার (৩ অক্টোবর) চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় চাঁদপুর স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই ঐতিহ্যবাহী দল। ম্যাচের শুরু থেকেই তীব্র আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আবাহনী।ম্যাচের ৩ মিনিটের মাথায় নাইজেরিয়ান ফরোয়ার্ড অকাচির হেডে এগিয়ে যায় আবাহনী (১-০)। শুরুর সেই ধাক্কা সামলে ওঠার আগেই ৬ মিনিটের মাথায় দূরপাল্লার জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন দলটির পাকিস্তানি তারকা মঈন আহমেদ (২-০)। পিছিয়ে পড়ে খেলায় ফিরতে মরিয়া ঢাকা ওয়ান্ডারার্স ১৪ মিনিটে জাহিদ হোসেনের দর্শনীয় গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে।তবে ওয়ান্ডারার্সের ঘুরে দাঁড়ানোর আশা স্থায়ী হয়নি। ৩৪ মিনিটে আবাহনীর খেলোয়াড় প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথার নিখুঁত শটে আবাহনীকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন তাঁদের আক্রমণভাগের তারকা। ৩-১ গোলের এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে আবাহনী।দ্বিতীয় পর্বেও আবাহনীর ধারালো আক্রমণের সামনে ওয়ান্ডারার্সের রক্ষণভাগ দিশেহারা হয়ে পড়ে। ৭৫ মিনিটে একক প্রচেষ্টায় নিজের দ্বিতীয় ও দলের চার নম্বর গোলটি করেন অকাচি (৪-১)। এরপর নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ে (ইঞ্জুরি টাইম) আবাহনীর তরুণ ফরোয়ার্ড মুনাফ দারুণ এক ফিনিশিংয়ে পঞ্চম গোলটি করে ওয়ান্ডারার্সের বড় পরাজয় নিশ্চিত করেন (৫-১)। শেষ পর্যন্ত বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী।চাঁদপুর স্টেডিয়ামের গ্যালারিতে ফুটবলপ্রেমীদের উপস্থিতি ছিল দেখার মতো। স্থানীয় দর্শকদের করতালিতে মুখর ছিল পুরো প্রাঙ্গণ।ম্যাচ চলাকালে আবাহনীর কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন, ফুটবল সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু, জেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব জয়নাল আবেদীন জনুসহ অন্যান্য অতিথিরা।
Discussion
Please Sign In to join the discussion.