Bangladesh
ইউপি নির্বাচন: এলাকা পরিবর্তনের আবেদন ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে যাওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫ নভেম্বরের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। হালনাগাদ শেষে আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।সোমবার (১৯ অক্টোবর) দেশের সব উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এই সংক্রান্ত নির্দেশনা দেয় ইসি। এতে বলা হয়, ২৫ নভেম্বর প্রকাশিত চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে, কেবল তারাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।ইসির নির্দেশনা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করা যাবে। এসব আবেদন ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে। একই দিনে (৫ নভেম্বর) সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্ধারিত সময় শেষে দাবি-আপত্তি নিষ্পত্তি করে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন।নির্বাচন কমিশন জানিয়েছে, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে যাদের জন্ম এবং এ বছরের ৩১ অক্টোবরের মধ্যে ভোটার ডেটাবেজে (তথ্যভান্ডার) নিবন্ধিত হবেন, তাদের হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।ইতোমধ্যে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইসি। সেই অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। এরপর দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপের ভোটগ্রহণ হবে ২৭ মে। এসব নির্বাচনের বিস্তারিত তফসিল সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন।স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করার প্রাথমিক পরিকল্পনা ছিল গত আগস্টে। তখন নভেম্বরে ভোট শুরুর কথা থাকলেও পরবর্তী সময়ে তা পিছিয়ে যায়। ভোট পিছিয়ে যাওয়ায় দেশজুড়ে পুনরায় ভোটার স্থানান্তর কার্যক্রম চালু করে নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে এখন তালিকা চূড়ান্ত করার নতুন সময়সীমা নির্ধারণ করা হলো।
Discussion
Please Sign In to join the discussion.