Sports
নেতানিয়াহুকে সমর্থন নয়
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি কোনো পক্ষে না গিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকেই মনোযোগ দেওয়ার প্রতি বেশি গুরুত্ব দেবেন। প্রসঙ্গত, আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন। গত সোমবার সাংবাদিক মার্ক হ্যালপেরিনের সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্সের এ মন্তব্য এমন একসময়ে এলো, যার ঠিক এক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি যুদ্ধবাজ নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছেন। জেডি ভ্যান্স বলেন, ‘আমি তাঁর বিপক্ষেও সমর্থন দিচ্ছি না, পক্ষেও দিচ্ছি না। আমি ইসরায়েলি নির্বাচনে জড়াচ্ছি না।’ মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও যোগ করেন, ‘আমি আমেরিকান প্রার্থীদের সমর্থন করি। আমার সব মনোযোগ এখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকে।’ জেডি ভ্যান্স সর্বশেষ গত এপ্রিলে কোনো বিদেশি নেতাকে সমর্থন জানিয়েছিলেন। তখন তিনি হাঙ্গেরির সাবেক ডানপন্থি প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে সমর্থন করেন, যিনি পরবর্তী সময়ে পিটার ম্যাগিয়ারের কাছে বিপুল ভোটে পরাজিত হন। ডোনাল্ড ট্রাম্প তাঁর দুই মেয়াদেই উগ্র ইহুদিবাদী নেতা নেতানিয়াহু এবং তাঁর ডানপন্থি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। নিজের প্রথম মেয়াদে ট্রাম্প মার্কিন দূতাবাসকে পশ্চিম জেরুজালেমে সরিয়ে নেন, গোলান হাইটসে ইসরায়েলের কর্তৃত্বকে স্বীকৃতি দেন, ২০১৫ সালে স্বাক্ষরিত ইরান পারমাণবিক চুক্তি থেকে সরে আসেন এবং ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তিতে নেতৃত্ব দেন। তাঁর এসব কর্মকাণ্ড মূলত ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুটিকে আড়ালে ঠেলে দিয়েছিল। ২০২৫ সালের জানুয়ারিতে আবার দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন গাজায় ইসরায়েলের গণহত্যা চালানো সত্ত্বেও তাদের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে, ইরানের সঙ্গে সংঘাতের জড়িয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর চাপ ও বিধিনিষেধ আরও জোরদার করেছে। অন্যদিকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত জেডি ভ্যান্স ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের শর্তহীন সমর্থনের বিরুদ্ধে দলের ভিতরে গড়ে ওঠা ক্রমবর্ধমান অসন্তোষের প্রতীক হয়ে উঠেছেন। ইরান যুদ্ধের প্রভাবে এই মনোভাব আরও তীব্র হয়েছে, যা সাধারণ মার্কিন ভোক্তাদের জীবনযাপনের ব্যয় বাড়িয়ে দিয়েছে।
Discussion
Please Sign In to join the discussion.